আওয়ামী লীগ প্রার্থীর অফিসে হামলা

হোমনায় ২শতাধিক বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় আওয়ামী লীগ প্রার্থী সেলিমা আহমাদ মেরীর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে ২শতাধিক বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মনির হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

পুলিশ জানায়, ওইদিন বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশারফ হোসেনের গণসংযোগকালে উপজেলার মণিপুর বাজারে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে বিএনপি নেতা-কর্মীরা হামলা চালায়। এ সময় বিএনপি কর্মী সমর্থকরা অফিসের ভিতরে ঢুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ আসবাবপত্রও ভাঙচুর করে।

এদিকে উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুরের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।

হোমনা থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি বলেন, আওয়ামী লীগ প্রার্থীর অফিস ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।