মানুষকে অধিকার সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে --------আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, যদি স্বাধীনতা না হতো তাহলে মানুষের ভাগ্য উন্নয়ন ঘটতো না, গ্রাম পর্যায়ে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট ইত্যাদি অবকাঠামো তৈরী হতো না। আমরা রক্ত দিয়েছি স্বাধীনতার জন্য। নতুন প্রজন্ম তাদের অধিকার বজায় রাখার জন্য লড়াই করবে, রক্ত দেবে। মানুষকে অধিকার সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি গতকাল শুক্রবার রাতে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে এ কথা বলেন। পিরোজপর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী) আসনে ১৪দলের শরিক জাতীয় পার্টি-জেপি’র প্রার্থী হিসাবে তাঁর নির্বাচনী প্রতীক বাইসাইকেলের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও জেপি এ মতবিনিময় সভার আয়োজন করে।

পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন আরও বলেন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান, ঘুষ-দুর্নীতিবিহীন চাকরি লাভ তথা  অভাব ও বৈষম্য দূর করতে মানুষকে প্রতিবাদ  করতে হবে, রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। উন্নয়নের জন্য আল্লাহর হুকুম লাগে। দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা অবকাঠামোগত উন্নয়ন করতে সক্ষম হয়েছি। ৩২/৩৩ বছর আগে আমি যখন এ এলাকায় প্রথম আসি তখন নৌকায় করে, স্পীড বোটে করে চলাফেরা করতে হতো। এখন এলাকায় অনেক রাস্তা-ঘাট হয়েছে। মানুষ যদি শান্তিতে না থাকে, স্বস্তিতে না থাকে তাহলে এ উন্নয়ন মূল্যহীন। মানুষের শান্তি-স্বস্তির প্রয়োজন, কর্মসংস্থানের প্রয়োজন, দু’বেলা ভাতের প্রয়োজন। এখন ইন্দুরকানী-ভাণ্ডারিয়া- কাউখালীতে নিরাপত্তা রয়েছে, শান্তি রয়েছে, মানুষ রাতের বেলায় নিরিবিলি ঘুমাতে পারেন। এলাকায় আইনের শাসন রয়েছে। আমি যখন শুধু এমপি ছিলাম অন্যদল ক্ষমতায় ছিল তখন আমাদের এলাকার পাওনা ও হিস্যা থেকে বঞ্চিত করা হতো। আমরা এর প্রতিবাদ করেছি। আমাদের প্রধানমন্ত্রীর নিবিড় কাজ দেখে আমি অবাক হয়ে যাই। তিনি কিভাবে দেশের স্বাধীনতা রক্ষার জন্য মানুষের শান্তির জন্য নিরবচ্ছিন্নভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে আমাদের প্রচেষ্টা থাকবে যাতে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে পারি।

আনোয়ার হোসেন বলেন, এখন আমার সঙ্গে ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানীর মানুষ রয়েছে, তারা এখন ঐক্যবদ্ধ। মানুষ যখন সচেতন হবে, নিজের অধিকার আদায়ে এদের নিয়ে আমরা প্রয়োজনে প্রতিবাদী হব, প্রতিরোধ করব। মানুষকে বঞ্চনার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সকল মানুষ তার অধিকার ভোগ করবে।

শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল শহীদ, জেপি’র উপজেলা সাধারণ সম্পাদক শাহ আলম নসু, কাউখালী ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, সয়না-রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোহাম্মদ কাইয়ুম, জাকির হোসেন দুলাল, অ্যাডভোকেট আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুলীন কুন্ড, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক, মহিলা আওয়ামী লীগের উপজেলা সভানেত্রী রেবেকা শাহীন চৈতী, শিয়ালকাঠি ইউনিয়ন জেপি’র সভাপতি হেমায়েত উদ্দিন তালুকদার, যুব সংহতির উপজেলা সভাপতি জিয়াউল হাসান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ সুমন প্রমুখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, কেন্দ্রীয় জেপি নেতা ইউসুফ আলী আকন, জেপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক হুমায়ুন কবির তালুকদার রাজু, কাউখালীর চিড়াপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, আমড়াজুড়ি ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা চাঁদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী মাসুদ ইকবাল, যুব সংহতির কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল মাহফুজ পায়েল প্রমুখ।

ইন্দুরকানীতে বাইসাইকেল মার্কার

সমর্থনে পথসভা ও উঠান বৈঠক

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুর-২ আসনের ইন্দুরকানী উপজেলার সকল ইউনিয়নে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী বাইসাইকেল মার্কার সমর্থনে পথসভা, উঠান বৈঠক ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পত্তাশী বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বজলুর রহমান মিন্টু, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান শান্তি, গোলাম রসুল খান, যুবলীগ নেতা জাহাঙ্গীর কাজী, উপজেলা জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাহামুদ সেলিম, উপজেলা জেপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সিরাজিস সালিকিন শুভ, উপজেলা যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক রাসেল বয়াতি, মামুন রানা, পত্তাশী ইউপি সদস্য মাসুম হাওলাদার, ওয়ার্ড যুব সংহতি নেতা হারুন অর রশিদ, আজাদ খান, ভাণ্ডারিয়া যুব সংহতি নেতা সুজন তালুকদার প্রমুখ। এ সময় বক্তারা ইন্দুরকানীর চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাইসাইকেল মার্কায় ভোট দিয়ে আনোয়ার হোসেন মঞ্জুকে বিজয়ী করার আহ্বান জানান।

অপরদিকে পত্তাশী ইউনিয়নের চাড়াখালী গ্রামের  মিস্ত্রি বাড়িতে শুধাংস কুমার মিস্ত্রির সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মজনু হোসেন রনি, যুব সংহতি নেতা সুলতান মল্লিক, আবুল কালাম আজাদ, আলম মোল্লা প্রমুখ। এ সময় বক্তারা আনোয়ার হোসেন মঞ্জুর ইন্দুরকানীতে নানা ধরনের উন্নয়ন চিত্র তুলে ধরে বাইসাইকেল মার্কায় ভোট প্রার্থনা করেন।

বিকালে উপজেলার বালিপাড়া বাজারে বাইসাইকেল মার্কার সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ ছাড়া পত্তশী বাজারে আওয়ামী লীগ ও জেপি যৌথভাবে একটি মিছিল বের করে। এর আগে উপজেলার বিভিন্ন স্থানে  উপজেলা মহিলা পার্টি জেপির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা রানীর নেত্রীত্বে দিনভর গণসংযোগ পরিচালনা করেন নারী নেত্রীরা।