পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে, নৌকায় ভোট দেওয়ায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেই গত ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। গতকাল শুক্রবার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে দেশ উন্নয়নের পথে যাবে নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। বিএনপি জামায়াত ক্ষমতায় এলে দেশের সকল উন্নয়ন ধ্বংস করে দিবে এবং খুন, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গির মাধ্যমে দেশকে আবারও অন্ধকারে নিমজ্জিত করবে। দেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না, দেশবাসী চায় নৌকায় ভোট দিয়ে আলোর পথে এগিয়ে যেতে। এসময় মন্ত্রীর সঙ্গে উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু প্রমুখ উপস্থিত ছিলেন।