ট্রাম্প জানতেন যে অন্যায় কাজে অর্থ খরচ করছি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তিন বছরের কারাদন্ডের সাজা পাবার পর এক প্রতিক্রিয়ায় বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প জানতেন যে তিনি তার পক্ষে অন্যায় কাজে অর্থ ব্যয় করছেন। ২০১৬ সালের নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষে কোহেন দুই পর্ন তারকার মুখ বন্ধ করতে যে বিপুল টাকা ট্রাম্প ব্যয় করেছিলেন, এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাতকারে সেই প্রসঙ্গে তিনি একথা বলেছেন।

কোহেন বলেন, দুই পর্ন তারকাকে ‘চুপ করিয়ে রাখতে’ ট্রাম্প আমাকে চুক্তির মাধ্যমে ওই অর্থ দিতে নির্দেশ দিয়েছিলেন। ট্রাম্পের অগোচরে কোনো কিছু করা তার পক্ষে অসম্ভব ছিল বলে তিনি মন্তব্য করেছেন। কোহেন আরো বলেছেন, দুই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা ফাঁস হলে নির্বাচনে তার নেতিবাচক প্রভাব পড়ত বলে ট্রাম্প মনে                করতেন। একারণেই তিনি এই খাতে এত বিপুল টাকা ঢেলেছিলেন। ট্রাম্প এ প্রসঙ্গে মিথ্যা বলেছেন বলে তিনি আবারো উল্লেখ করেছেন। সাক্ষাতকারে তিনি আরো বলেন, আমার দুর্ভাগ্য যে এমন একজন ব্যক্তির পক্ষে একের পর এক অন্যায় করে যাচ্ছিলাম।

এদিকে, কোহেনের সব অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলেছেন, তিনি কখনোই তার সাবেক ব্যক্তিগত আইনজীবী কোহেনকে নিয়ম ভাঙার পথে পরিচালিত করেননি। ট্রাম্প বলেন, ‘তিনি একজন আইনজীবী। তাই ধরেই নেওয়া যায় তিনি আইন জানেন। আমাকে বিব্রতকর অবস্থায় ফেলতেই তিনি দোষ স্বীকার করেছেন।’

উল্লেখ্য, একাধিক অভিযোগে বুধবার কোহেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে নিউ ইয়র্কের একটি আদালত। এর মধ্যে আছে, যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনের আগে অর্থ দিয়ে দুই নারীর মুখ বন্ধ করা, রাশিয়ায় প্রস্তাবিত ট্রাম্প টাওয়ার প্রজেক্ট নিয়ে কংগ্রেসকে মিথ্যা বলা এবং কর ফাঁকি দেওয়া। প্রতিটি অপরাধেই দোষ স্বীকার করেছেন কোহেন