জামায়াত নিয়ে সাংবাদিকদের প্রশ্ন

উত্তেজিত হয়ে ড. কামাল বললেন, ‘খামোশ!’

জামায়াতে ইসলামীকে নিয়ে প্রশ্ন করায় উত্তেজিত হয়ে পড়লেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে, এর পরেও তারা ঐক্যফ্রন্টের সঙ্গে নির্বাচন করছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নই ওঠে না। বেহুদা কথা বল। কত পয়সা পেয়েছ এই প্রশ্নগুলো করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছ? তোমার নাম কি? জেনে রাখব তোমাকে। চিনে রাখব। পয়সা পেয়ে শহীদ মিনারকে অশ্রদ্ধা কর তোমরা। আশ্চর্য!’ গতকাল শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে ড. কামাল উপরোক্ত মন্তব্য করেন।

এ সময় একজন সাংবাদিক নির্বাচনে জামায়াত প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করতে থাকলে ধমকের সুরে ড. কামাল বলেন, ‘শহীদদের কথা চিন্তা কর। হে হে হে হে করছ! শহীদদের কথা চিন্তা কর। চুপ কর, চুপ কর। খামোশ! এরপর প্রশ্নকারী সাংবাদিককে বলেন, ‘আশ্চর্য! তোমার নাম কি? কোন পত্রিকার?’ তখন ওই সাংবাদিক একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নাম বলেন। তখন ড. কামাল বলেন, ‘জেনে রাখলাম’।

ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সকাল সোয়া ৯টার দিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। এ সময় ফ্রন্টের শীর্ষ নেতা জেএসডি সভাপতি আসম আবদুর রব, গণফোরামের জগলুল হায়দার আফ্রিক ও ড. রেজা কিবরিয়া, বিএনপির আবদুস সালাম এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী তার সঙ্গে ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামাল হোসেন বলেন, স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়নের বিরুদ্ধে যারা কাজ করছে, লোভ লালসা নিয়ে লুটপাট করছে, তাদের হাত থেকে এ দেশকে মুক্ত আমরা করবই। যত শক্তিধর হোক তারা, দেশের মালিক জনগণের কাছে তাদের নত হতে হবে, তাদের পরাজয় হবেই। এরপরই জামায়াতকে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ড. কামাল বলেন, ‘এখানে এ বিষয়ে কোনো কথা নয়। বাইরে; শহীদ মিনারে আর কোনো কথা নয়।’ এরপর আবারো প্রশ্ন করা হলে উত্তেজিত হন প্রবীণ এ আইনজীবী।