কুমিল্লা ও রাজৈরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩২

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারনা চালানোর সময় শুক্রবার কুমিল্লার মুরাদনগর ও মাদারীপুরের রাজৈরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৩২ জন আহত হয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতক্ষীরায় হামলায় বিএনপি প্রার্থীসহ ৭ জন আহত হয়েছেন। বেলকুচিতে আওয়ামী লীগের দুটি নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। নড়াইলের কালিয়ায় উপজেলা চেয়ারম্যানসহ ৪ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। রুপগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় এবং সারিয়াকান্দি ও জীবননগরে বিএনপি কার্যালয়-নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। বান্দরবান ও রায়পুরে হামলা ও ভাঙচুরের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দোষারোপ করছে। খবর আমাদের স্টাফ রিপোর্টার, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের।

কুমিল্লা ঃ  কুমিল্লার মুরাদনগরে বিএনপি দলীয় প্রার্থী কেএম মুজিবুল হকের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ কর্মীদের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। হামলার দৃশ্য ধারন করার সময় চ্যানেল ২৪ ও ভোরের পাতার ২ সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। এ হামলার জন্য বিএনপির প্রার্থী কেএম মুজিবুল হক আওয়ামীলীগ দলীয় প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের কর্মীদের দায়ী করেছেন। তবে বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন মোবাইল ফোনে জানান, যারা হামলা করেছে তারা আওয়ামীলীগের কেউ না, বহিরাগত কেউ হতে পারে। 

টেকেরহাট (মাদারীপুর) ঃ মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনের রাজৈর উপজেলার কদমবাড়ী বাজারে  শুক্রবার বিকালে   আওয়ামীলীগ ও বিএনপি গনসংযোগ করার সময় সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১২জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি প্রার্থী মিল্টন বৈদ্য জানান, কদমবাড়ী বাজারে প্রচারনামূলক গনসংযোগ করতে গেলে আওয়ামীলীগের সমর্থকরা তার মিছিলের উপর হামলা চালায়।  আওয়ামীলীগ নেতা স্থানীয় চেয়ারম্যান বিধান বিশ্বাস পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির সমর্থকরাই আওয়ামীলীগের মিছিলে হামলা চালিয়েছে।

সাতক্ষীরা ঃ সাতক্ষীরা-১ আসনের বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব নির্বাচনী প্রচারনা চালানোর সময় কলারোয়া বাজারে হামলায় তিনিসহ ৭ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে বাজারের বল্ডফিল্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। এর মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে সাতক্ষীরা সদর ও কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া স্থানীয় সাংবাদিক তাজ উদ্দীন রিপনকে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব জানান, বল্ডফিল্ড সংলগ্ন এলাকায় গণসংযোগকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের নেতৃত্বে আওয়ামীলীগ ও যুবলীগ এ হামলা চালায়। তবে, ফিরোজ আহমেদ স্বপন এ হামলার কথা অস্বীকার করে বলেন, বিএনপির অভ্যন্তরীন দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।

বেলকুচি (সিরাজগঞ্জ) ঃ বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের  বেলকুচি পৌর এলাকার কড়ই তলা সংলগ্ন  ও চালা সাত রাস্তার মোড়স্থ আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে হামলা হয়েছে। এ সময কার্যালয় ২টিতে থাকা চেয়ার, টেবিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলা হয়।

কাপাসিয়া (গাজীপুর) ঃ গাজীপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান শুক্রবার সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজারে প্রচারণা চালানোর সময় হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তিনিসহ ১২ নেতাকর্মী আহত এবং তার গাড়িসহ অন্তত ৪/৫ টি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে বলে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে রিয়াজুল অভিযোগ করেন।

কালিয়া (নড়াইল) ঃ নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমানসহ চার জনকে কুপিয়ে ও পিটিয়ে দুর্বৃত্তরা আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতি থানার খাশিয়াল বাজারে ঘটেছে ওই ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিত্সার পর উন্নত চিকিত্সার জন্য প্রেরনের প্রস্তুতি চলছে।

বরিশালঃ নগরীর রুপাতলীতে সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ ফজলুল করিমের পক্ষে হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণ কালে হামলার ঘটনা ঘটে। এতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার প্রশিক্ষণ সম্পাদক শাকিল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। শুক্রবার জুমার নামাজের পর নগরীর রূপাতলী আছালত খান জামে মসজিদের বাইরে এই ঘটনা ঘটে। ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল-৫ আসনে নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়ক কে.এম.শরীয়াতুল্লাহ এই তথ্য জানান।

বগুড়া ঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও বিএনপি প্রার্থীর নির্বাচনী সমন্বয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। পাশে থাকা দুটি ব্যবসা প্রতিষ্ঠানও পুড়ে গেছে। এদিকে সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে চারটি ককটেল পুলিশ উদ্ধার করেছে ।

নলছিটি (ঝালকাঠি) ঃ ঝালকাঠির নলছিটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিএনপি প্রার্থী জিবা আমিনা খান তার নির্বাচনী প্রচারনা চলাকালে গতকাল শুক্রবার রাতে বিএনপি নেত্রী ইলেন ভূট্টো সমর্থকরা লাটিসোটা নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুটি গাড়ি ভাংচুর করা হয়।