গতকাল শুক্রবার দেশের অন্যান্য স্থানের মত নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।
গাজীপুর প্রতিনিধি জানান, গতকাল বিভিন্ন ব্যক্তি এবং সরকারি ও বেসরকারি সংগঠনের পক্ষ থেকে গাজীপুরের রাজবাড়ি মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান পুলিশ কর্মকর্তাদের নিয়ে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গাজীপুর জেলা আওয়ামী লীগ, জেলা আনসার ও ভিডিপি, গাজীপুর জেলা প্রাণীসমপদ বিভাগ, গাজীপুর সদর উপজেলা প্রশাসন, জয়দেবপুর পিটিআই, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারি সমিতিসহ অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ উপলক্ষে বিকালে জেলা শহরের রাজবাড়ি মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গিয়াস উদ্দিন মিয়া।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ-এর নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, ট্রেজারার প্রফেসর মোঃ নোমান উর রশীদ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহীদ বুদ্ধিজীবী স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাতে চাষাঢ়া বিজয় স্তম্ভে প্রদীপ প্রজ্বলন করা হয়। অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া। উক্ত অনুষ্ঠানে রাব্বি মিয়া বলেন, ‘আমরা বিশ্বাস করি তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ আমরা শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি বিশ্বাস করি আমরা আগামী সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে করতে পারবো।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসিরউদ্দিন হায়দার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা বেগম এবং বিভিন্ন সংগঠনের প্রধানগণ। এছাড়া বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা সংসদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সিপিবির কেন্দ্রীয় সদস্য মন্টু ঘোষ, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, উন্মেষ সাংস্কৃতিক জোটের নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ ঘোষ বাবু প্রমুখ। সকালে ক্রান্তি খেলাঘর বুদ্ধিজীবীদের স্মরণে শহরে মৌন মিছিল বের করে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার সকালে শহরের হরগঙ্গা কলেজের পাশেই বধ্যভূমির স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের ঢল নামে। সেখানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তারা। এসময়ে উপস্থিত ছিলেন
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার, পিপিআই রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনিস-উজ-জামান, স্থানীয় দৈনিক সভ্যতার আলোর সম্পাদক, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।