আড়াইহাজারে টিনের চাল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

আড়াইহাজারে টিনের চাল থেকে পড়ে বারেক (৬০) নামে এক  বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  জানা গেছে, বারেক তার টিনের ঘরের চালে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ফতেপুরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকালে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবু তালেব মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি।  বিশেষ অতিথি ছিলেন— উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজালাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভুঁইয়া, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান প্রমুখ। জনসভায় প্রধান অতিথি নজরুল ইসলাম বাবু বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় আর বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে চুরি ডাকাতি বৃদ্ধি পায়।