মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গত ১৫ দিনে ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে ১৬টি গরুর মৃত্যু ঘটেছে, আক্রান্ত হয়েছে আরও শতাধিক গবাদি পশু। অপরদিকে উপজেলায় ভ্যাকসিন না থাকায় গবাদী পশুর ক্ষুরা রোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জানা যায়, উপজেলার রৌহা গ্রামের পরাণ মাতাল, জুলহাস মাতাল ও জিল্লু মাতালের ৭টি গরু, গোপালপুর গ্রামের শাহ আলম মৃধার ২টি, আব্দুল আজিজের ২টি, শ্যামল হোসেনের ১টি, আয়নাল হকের ১টি, সূর্য মিয়ার ১টি, মজিবর রহমানের ১টি, ভোঁয়া গ্রামের আবু তাহেরের ১টি গরু ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
গোপালপুর গ্রামের আব্দুল আজিজ ও শাহ আলম মৃধা জানান, তাদের ৪টি গরুসহ গত ১৫দিনে উপজেলার বরাইদ, দরগ্রাম ও দিঘলীয়া গ্রামের শতাধিক গরু ক্ষুরা রোগে আক্রান্ত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খোরশেদ আলম জানান, ক্ষুরা রোগটি ভাইরাস জনিত। এ রোগে বড় গরুর মৃত্যুর হার কম হলেও বাছুরের ক্ষেত্রে মৃত্যুর হার শতকরা ৭০ ভাগ পর্যন্ত হয়ে থাকে। ক্ষুরা রোগ প্রতিরোধে দ্রুত সময়ের মধ্যে সুস্থ পশুকে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।