তৃতীয় শক্তি নিয়ে সিইসির বক্তব্য সন্দেহজনক ..................... রিজভী

আসন্ন নির্বাচন নিয়ে তৃতীয় শক্তির ষড়যন্ত্রের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা যে বক্তব্য দিয়েছেন তা সন্দেহজনক বলে মন্তব্য করেছে বিএনপি। গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে সিইসি তৃতীয় কোনো শক্তির ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। হঠাত্ তার এই বক্তব্য গভীর সন্দেহজনক ও ষড়যন্ত্রমূলক বলে প্রতীয়মান হচ্ছে।

রিজভী বলেন, সিইসি নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন চাইলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামাতে পারতেন, কিন্তু নামাননি। সরকারের নির্দেশে নির্বাচন কমিশন সেনাবাহিনীকে দর্শক হিসেবে রাখারই চেষ্টা চালাচ্ছে। পুলিশ ও প্রশাসন ইসির সম্পূর্ণ নিয়ন্ত্রণে। পুলিশ ভোটের মাঠে এখন আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর রুদ্রমূর্তিতে অবতীর্ণ হয়েছে। তা হলে কেন এই অকল্পনীয় সহিংসতা ও পাইকারি গ্রেফতারের দায় সিইসি নিজে না নিয়ে এখন তৃতীয় শক্তির ষড়যন্ত্রের কথা বলছেন, তা রহস্যজনক দুরভিসন্ধি।

রিজভী বলেন, মানুষকে ভুলিয়ে-ভালিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার ব্যর্থ পরিকল্পনায় তারা বেসামাল হয়ে পড়েছে। এমন কোনো গভীর চক্রান্তে আওয়ামী সরকারই মেতে আছে, যা তারা নিজের মুখে না বলে সিইসির মুখ দিয়ে বলাচ্ছে। গণমানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনেরই আয়োজন করছেন সিইসি। এ জন্য হঠাত্ করে তিনি তৃতীয় শক্তির ষড়যন্ত্রের কথা বলছেন। বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর, নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ার বিভিন্ন তথ্য তুলে ধরে রিজভী ধরপাকড় বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান।