সেবা খাতে তাত্ক্ষণিক ধর্মঘট নিষিদ্ধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে চায় এনপিপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ইশতেহার ঘোষণাকালে দলটি এ অঙ্গীকার করেছে। এনডিএফ’র চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেন, তারা মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার সংগ্রামে লিপ্ত। দলটি রাষ্ট্র পরিচালনায় সবমত বিবেচ্য হওয়ার কাঠামো হিসেবে প্রত্যক্ষ ও আনুপাতিক ভোটের মাধ্যমে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কথা ঘোষণা করেছে। যেখানে ১০০ সংরক্ষিত নারী আসনে প্রত্যক্ষ ভোটে নারী সদস্য নির্বাচিত হবেন। ইশতেহার পাঠ করেন এনপিপি মহাসচিব মো: আব্দুল হাই মণ্ডল। দলের প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর সভাপতি মো: আনিসুর রহমান দেওয়ান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি