নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করুন: নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর ধানমন্ডি বাসভবনে ১৪ দলের এক বৈঠকে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসী আবারও শেখ হাসিনাকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কিন্তু অতি উত্সাহীরা বিভিন্ন প্রার্থীর ওপর হামলা করছে বলে খবর আছে। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সবার সতর্ক থাকতে হবে এবং সহিষ্ণুুতার পরিচয় দিতে হবে। কারণ নির্বাচন ভণ্ডুল করার গভীর চক্রান্ত এখনো অব্যাহত আছে।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে ১৪ দলীয় জোটের নির্বাচনী সমাবেশের কর্মসূচি চূড়ান্ত করা হয়। পূর্বনির্ধারিত কর্মসূচিতে কিছুটা পরিবর্তন করা হয়। গত ১১ ডিসেম্বর থেকে ১৪ দলের নির্বাচনী সমাবেশ কর্মসূচি শুরু হয়েছে। আরও ৬টি নির্বাচনী সমাবেশ কর্মসূচি পালন করবে ১৪ দল। আগামী ১৮ ডিসেম্বর পাবনার কাশিনাথপুর ও মাসুন্দিয়ায় দুটি পৃথক সমাবেশ হবে। এ ছাড়া ১৯ ডিসেম্বর পাবনার ঈশ্বরদী, ২১ ডিসেম্বর জামালপুরের শরিষাবাড়ী, ২৪ ডিসেম্বর গাইবান্ধায় ও ২৫ ডিসেম্বর নওগাঁয়ে নির্বাচনী সমাবেশ করবে ১৪ দল। এ নির্বাচনী সমাবেশগুলোতে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের নেতৃত্বে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, জাতীয় পার্টি (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ন্যাপের ইসমাইল হোসেন প্রমুখ অংশগ্রহণ করবেন। গতকাল ১৪ দলের বৈঠকে উল্লিখিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।