ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বরগুনাসহ ৭টি জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। জেয়ারের সময় নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত। ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। বেলা ২টা থেকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ দুপুরে আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করে আশ্রিত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
আরও পড়ুন: আশ্রয় কেন্দ্রে ভিড়ছে মানুষ, মোংলা বন্দরের কার্যক্রম বন্ধ
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৪১টি সাইক্লোন শেল্টারসহ মোট ৫০৯টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেখানে ৫ লক্ষাধিক মানুষ আশ্রয় নিতে পারবেন। পর্যাপ্ত খাবার মজুদসহ প্রাথমিক চিকিৎসার জন্য ৪২টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। এছাড়াও সিপিপির সাড়ে ৬ হাজার স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন।
এদিকে জেলার আভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরণের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।
ইত্তেফাক/এসি