তিন ছাত্রকে শিকলে তালাবদ্ধ, মাদ্রাসা সুপার বহিষ্কার

তিন ছাত্রকে লোহার শিকলে এক পায়ে তালাবদ্ধ করে রাখার ঘটনায় গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াসূতি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সুপার মো. আরিফুল্লাহকে দুই মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই মাদ্রাসা পরিচালনা কমিটির এক জরুরী সভায় তাকে বহিষ্কার করা হয় হলে জানান মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি বদরুজ্জামান ভূঁইয়া রতন মাস্টার।

তিনি বলেন, সভাপতিসহ অন্য সদস্য মিলে জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত কমিটি যে কোন ধরণের আইনগত ব্যবস্থা নিতে চাইলে কমিটির সব ধরণের সহযোগিতা থাকবে। এছাড়া লোহার শিকলে পায়ে তালাবদ্ধ ওই তিন ছাত্র ইফাদ, ইয়াসিন ও আজিজুলকে তাদের অভিভাবক ইতিমধ্যে মাদ্রাসা থেকে নিয়ে গেছে। মাদ্রাসা সুপার মো. আরিফুল্লাহ’র এমন কর্মকাণ্ডের পর তারা আর এই মাদ্রাসায় তাদের সন্তানদের পড়ানোর সাহস পাচ্ছে না।

আরো পড়ুন: পা দিয়ে লিখে জেডিসি পরীক্ষা দিচ্ছে রাসেল!

তিনি আরো বলেন, ইউএনও ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সঙ্গে ঘটনার সত্যতা পান। পরে সেই ঘটনার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমকে প্রধান করা হয় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনকে করা হয় সদস্য। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সেই প্রেক্ষিতে প্রয়োজনীয় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও রয়েছে।

ইত্তেফাক/বিএএফ