আজ বিজয়ের দিন আমাদের

 

ব্রিটিশ পাকিস্তানি আমল

                শাসন শোষণ পরে

যুদ্ধ করে স্বাধীন হলাম

                উনিশ একাত্তরে।

বাঙালি তাই—নাই শেষ গর্বের,

আজ বিজয়ের দিন আমাদের।

 

বিশ্বের মানচিত্রে এ দেশ

                সকল দেশের সাথি

ভাষা দিবস পালন করে

                যত রাষ্ট্র, জাতি—

বাংলা ভাষা আন্দোলনের;

আজ বিজয়ের দিন আমাদের।

 

হক-ভাসানী-সোহরাওয়ার্দী-

                বঙ্গবন্ধুর কাছে

সংগ্রামী বীর আমজনতা

                ঋণী হয়ে আছে।

শ্লাঘা এবং অংহকারের—

আজ বিজয়ের দিন আমাদের।

 

স্বাধীনতা পতাকা আর

                বাংলাদেশের কথা

মুক্তিযোদ্ধার গল্প-গাথা

                বলব যথাতথা;

ফুরাবে না, সঞ্চয় তো ঢের!

আজ বিজয়ের দিন আমাদের।

 

তলাবিহীন ঝুড়ি কোথায়

                ঐ যে পদ্মা সেতু

বুক ফুলে হয় বিরাট বিশাল

                ওড়াই বিজয়-কেতু—

সাহস যখন নিজের আয়ের;

আজ বিজয়ের দিন আমাদের।