পাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুক্রবার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা এবং বিকাল সাড়ে ৩ টা থেকে ৫ টা পর্যন্ত দুই দফায় এ ও বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

চলতি বছর এ ও বি ইউনিটের ৯শ’ ২০টি আসনের বিপরীতে ২৫ হাজার ৭০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বলে জানিয়েছে পাবিপ্রবি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এদিকে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের তদারকিতে এবার দুর্ভোগ লাঘবে ১ম বারের মত জেলা পুলিশ, জেলা পরিষদ, পাবনা সদর উপজেলা পরিষদ, পাবনা চেম্বার অব কমার্স  ও অন্যান্য বিভিন্ন দপ্তরের সহযোগিতায় দেশের দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের আবাসন ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন: রাঙ্গার বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা

এছাড়াও শহরের বিভিন্ন আবাসনকেন্দ্রে সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে সহযোগিতা করছে রোভার, স্কাউটসসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পরীক্ষার আগের দিন থেকে শুরু করে ১৫ নভেম্বর সকাল ১০ টা পর্যন্ত সকল আবাসনস্থল ও বুথ সমূহ খোলা থাকবে। 

পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বৃহস্পতিবার জানান, পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া সকল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ জেলার  মেহমান। আশা করছেন তারা কোন দুর্ভোগে পড়বেন না।

ইত্তেফাক/এএএম