বার্সার লেভান্তে প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক

শিরোপাধারী বার্সেলোনা গেল মৌসুমে পাঁচ গোল হজমের দুঃসহ স্মৃতি নিয়েই লেভান্তের মাঠে ফিরছে। লা লিগার খেলাটিতে আজ রাতে লেভান্তেকে হারিয়েই তা ভুলতে চাইবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

গেল মৌসুমে অনন্য এক কীর্তির খুব কাছাকাছি ছিল বার্সা। অপরাজিত থেকে লিগ জয়ের কীর্তি ছিল না কোনো স্প্যানিশ দলেরই। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে সে কীর্তি থেকে দুই ম্যাচ দূরে ছিল কোচ আর্নেস্তো ভালভার্দের দল। কিন্তু তীরে এসে তরী ডুবে কাতালান দলটির। লেভান্তের কাছে হারে ৫-৪ ব্যবধানে।

ম্যাচটির একপর্যায়ে ৫-১ গোলে এগিয়ে গিয়েছিল লেভান্তে। তবে ম্যাচের ফলাফলকে তীব্র লজ্জাজনক হওয়া থেকে রক্ষা করেছিলেন মিডফিল্ডার ফেলিপে কোটিনহো। তার হ্যাটট্রিক এবং সুয়ারেজের লক্ষ্যভেদে শেষমেশ ব্যবধান কমায় বার্সেলোনা। তারপরও বার্সেলোনা হারে ৫-৪ ব্যবধানে। 

সে ম্যাচের স্মৃতি রোমন্থন করে লেভান্তে কোচ পাকো লোপেজ বলেন, ‘বার্সাকে যদি হারাতে চান তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতি তৈরি করতে হবে আপনার। আমরা সেদিন তা করেছিলাম। যদি আমরা এবার হেরেও যাই, তবে আমি চাই সেটা যেন বার্সেলোনার আদায় করে নিতে হয়।’

সে ম্যাচে লিওনেল মেসি এবং জেরার্ড পিকেকে বিশ্রাম দিয়ে দল সাজিয়েছিলেন বার্সা কোচ। সে খেসারত দিতে হয়েছিল দলের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা খুঁইয়ে। এবারও তিনি একই ভুল করবেন বলে মনে করছেন না লেভান্তে কোচ।

গত মৌসুমের স্মরণীয় সে সাফল্যের পুনরাবৃত্তি চান লোপেজ। তবে লেভান্তে কোচ জানালেন তা বেশ কষ্টসাধ্য কাজই হবে তার শিষ্যদের জন্য। পাকোর ভাষায়, ‘তাদের বিপক্ষে আমাদের শেষ জয়টি থেকে আমরা শিক্ষা নেয়ার চেষ্টা করবো। যেহেতু ভিন্নভাবে দল সাজাতে হবে আমাদের সেহেতু খেলোয়াড়দের আবেগ এবং নিবেদনও এবার ভিন্নই হবে।’

তবে ভয়ডরহীন খেলার আভাসই দিলেন লোপেজ। তিনি বলেন, ‘বার্সেলোনার মুখোমুখি হতে ভীত নই আমরা।’

এমন ম্যাচে খেলোয়াড়দের ইনজুরি থেকে ফেরা অনুপ্রাণিত করতে পারে বার্সাকে। লেভান্তে ভ্রমণের আগে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। সার্জি রবার্তো ইনজুরি থেকে সেরে অনুশীলনে ফিরেছিলেন আগেই। এ ম্যাচের আগে দলবদ্ধ অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। এ থেকে অনুপ্রেরণা নিয়েই আজ রাতে লেভান্তের বিপক্ষে জয় তুলে নিতে চাইবে শিরোপাধারীরা।