গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজে ৫ তলা বিশিষ্ট নতুন আইসিটি ভবন হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, কলেজে এখন পর্যন্ত ওয়েবসাইট নেই। তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট বাধ্যতামূলক বলে জানি। গাজীপুরের কাপাসিয়া কলেজের সূচনা ১৯৬৫ সালে জমিদার রামনাথ রায়ের বাড়ি থেকে। এখনো ২১ একর জায়গা নিয়ে জমিদার বাড়িতেই চলছে কাপাসিয়া কলেজের কার্যক্রম। ওয়েবসাইট না থাকায় নতুন শিক্ষার্থীসহ কলেজ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নেওয়া সম্ভব হয় না। অন্যদিকে আইসিটি ভবন করা হলেও নেই আইসিটি-র প্রয়োজনীয় শিক্ষক। দু-একজন যাঁরা রয়েছে তাঁদের এ কক্ষ থেকে ও কক্ষে ছোটাছুটি করতে করতে পার হয়ে যায় ক্লাসের অর্ধেক সময়। তাই প্রয়োজনীয় শিক্ষক এবং ওয়েবসাইটের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাসুমা রহমান
শিক্ষার্থী, কাপাসিয়া ডিগ্রি কলেজ, গাজীপুর