কয়েকদিন আগে রাতে বাড়ি ফেরার সময় রাস্তার মধ্যে আহত গাছগুলোর কান্নার শব্দ শুনছিলাম। প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে। দেখে মনে হচ্ছিল সাইক্লোন বয়ে গেছে এই এলাকার ওপর দিয়ে। গাজীপুরের মাওনার চকপাড়া গ্রামের ওপর দিয়ে চলে যাওয়া রাস্তার দুধারের গাছ কাটার ফলে এখন রাস্তাটি প্রায় সবুজশূন্য! গত বছরও একই সময়ে এমনিভাবেই গাছ কাটা হয়েছিল। শুধু এ গ্রামে নয় সব গ্রামেরই একই অবস্থা। বিদ্যুতের খুঁটির তারকে সুরক্ষা দেওয়ার জন্য অনেক গাছের মাথা কেটে দেওয়া হয়েছে। একদিকে বৃক্ষরোপণ আরেকদিকে বৃক্ষ নিধন কী বার্তা দেয় আমাদের? রাস্তার ধার দিয়ে গাছ রোপণের অনেকগুলো ভালো দিক রয়েছে। বিদ্যুতের খুঁটি রাস্তার ধার দিয়ে নিলে গাছ কাটতে হবে এটা স্বাভাবিক। অন্য কোনো উপায়ে বিদ্যুত্ বিতরণ না করে এভাবে গাছ কাটা অমানবিক। মাটির নিচ দিয়ে বিদ্যুত্ বিতরণ ব্যবস্থার বিষয়টি ভাবনায় আনা প্রয়োজন। গাছ কাটা রোধে সরকারের কাছে এই বিষয়টি বিবেচনায় নেওয়ার বিনীত আবেদন জানাচ্ছি ।
সাঈদ চৌধুরী
শ্রীপুর, গাজীপুর