লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহনে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে পুরাতন কাপড়ের দোকানে। বিশেষ করে শিশু ও বয়স্কদের কাপড়-চোপড় কেনার চাহিদা সবচেয়ে বেশি। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনা-বেচা। বিগত বছরগুলোতে পৌষ থেকে পুরোদমে বেচা-কেনা শুরু হলেও এ বছর আগেভাগেই শুরু হয়েছে পুরানো কাপড়ের দোকান। এসব দোকানে নিজেদের সাধ্যের ভিতর পণ্য পেয়ে খুশি ক্রেতারা। অন্যদিকে স্বল্প পুঁজিতে অধিক লাভেও হাসি ফুটছে বিক্রেতাদের মুখে।
সরেজমিনে দেখা যায়, শীত উপলক্ষে লালমোহন পৌর শহরের উত্তর বাজার, মধ্য বাজার, দক্ষিণ বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারগুলোতে বসছে পুরানো কাপড় বেচার এসব ভ্রাম্যমাণ দোকান। যেখানে রীতিমত ভিড় করছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ।
পুরাতন কাপড় বিক্রেতা মহাসিন বলেন, এ বছর আগের থেকে শীত পড়ায় শীতের পোশাক বিক্রি বেশি হচ্ছে। এতে করে আমাদেরও মোটামুটি ভালো লাভ হচ্ছে। এসব দোকান আমরা শুধু শীতের সময়েই করি। বছরের বাকি দিনগুলো আমরা অন্য কাজ করি।
ক্রেতা দীন ইসলাম, রফিক, শাহিন ও সাদিয়া বেগম বলেন, পুরাতন এসব শীতের দোকানগুলোতে সাধ্যের ভিতর অনেক ভালো ভালো পোশাক পাওয়া যাচ্ছে। যাতে আমাদের খরচ কম হয়। তাই সাধ্যের মধ্যে এখান থেকেই ভালো কিছু কেনার চেষ্টা করছি।