সিরাজগঞ্জ প্রতিনিধি
শাহজাদপুর উপজেলার ভেন্নাগাছি-আইগবেড়া গ্রামের মাঝামাঝি সরিষার ক্ষেত থেকে পুলিশ গতকাল শনিবার সকালে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা দুর্বৃত্তরা আশেপাশের এলাকা থেকে পরিকল্পিতভাবে যুবকটিকে ধরে এনে শ্বাসরোধ করে ও ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার পর লাশ ফেলে পালিয়ে গেছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বলেন, পথচারীরা সকালে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এসআই তৈয়ব আলী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি জানালে পিবিআইকে খবর দেয়া হয়। তারা এসে ফিঙ্গার প্রিন্টসহ প্রাথমিক তদন্ত শেষে লাশটি উদ্ধার করে। তিনি আরো বলেন, ময়না তদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এসআই তৈয়ব আলী বাদি হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।