ভালুকায় ছেলের হাতে মা খুনের ঘটনায় মামলা

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ভালুকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছেলের হাতে মা খুনের ঘটনায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছোট ছেলে বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামিরা হলেন— ছেলে মোস্তফা ও তার বড় স্ত্রী মোছা. মিলন, মোঃ আবু জাফর সরকার ও তার ছোট ভাই মোঃ রিপন সরকার এবং একই গ্রামের মোফাজ্জল হোসেন।

নিহতের ছোট ছেলে শাহ জালাল জানান, একই গ্রামের মোঃ আবু জাফর সরকার, তার মায়ের বাড়ির জায়গাটুকু ক্রয় করার জন্য বড় ভাই মোস্তফাকে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে দীর্ঘদিন যাবত্ প্রভাবিত করে আসছিলেন। ঘটনার দিন ১৩ ডিসেম্বর সকালে তার মাকে বাড়ির উঠানে জবাই করার পর মোস্তফা বাড়ি থেকে বেড়িয়ে পালানোর সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, নিহতের ছোট ছেলে শাহ জালাল বাদী হয়ে ৫ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মাকে খুন করার ঘটনায় প্রধান আসামী ছেলেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।