রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসন। একাদশ জাতীয় নির্বাচনে এ আসনে লড়াই হবে নবীন আর প্রবীণের মধ্যে। এমনটা বলছেন ওই এলাকার ভোটাররা।
এ আসনে পরপর দু’বার বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক টিপু মুনশি এমপি। তার বিপরীতে লড়বেন প্রথমবারের মতো দুই এমপি প্রার্থী। একজন হলেন বিএনপির তরুণ নেতৃত্ব উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পপতি সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা ছেলে কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি ও ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা। অপরজন হলেন হারাগাছের শিল্পপতি মহসিন আলী বেঙ্গলের ছেলে জাতীয় পার্টির প্রার্থী তরুণ সমবায় ব্যাংকের পরিচালক মোস্তফা সেলিম বেঙ্গল।
আরো পড়ুন: বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ
এছাড়া লড়াইয়ের মাঠে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ বদিউজ্জামান, বাম গণতান্ত্রিক জোট দলের (বাসদ) সাদেক হোসেন, জাকের পার্টির লায়লা আঞ্জুমান আরা বেগম। লড়াইয়ের মাঠজুড়ে দিনরাত প্রার্থী ও তার কর্মীরা ব্যস্ত সময় পার করছেন।
বরুয়াহাট এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, প্রার্থীরা যতই বলুক না কেন ভোটের হিসাব-নিকাশ শুরু হবে ২৫ ডিসেম্বরের পর।
এখন শুধু দিনক্ষণ গণনার পালা, অপেক্ষা শুধু ৩০ ডিসেম্বরের।
ইত্তেফাক/বিএএফ