তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও সাতক্ষীরা জেলা সভাপতি অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ এবং জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিবের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
তবে, এখনও পর্যন্ত পোস্টার টাঙানো, নির্বাচনী সভা ও গণসংযোগে এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুরোদমে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগের প্রতিটি ইউনিট বর্ধিত সভা করে নৌকা প্রতীকের বিজয়ে এখন ঐক্যবদ্ধ।
যদিও ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের অভিযোগ, তার নেতাকর্মীদের নির্বাচনী প্রচার চালাতে দেওয়া হচ্ছে না। তিনি মনোনয়ন পাওয়ার পর থেকে এ পর্যন্ত দলীয় দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। মারধর করা হচ্ছে কর্মী সমর্থকদের। ছিড়ে ফেলা হচ্ছে পোস্টার।
এদিকে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দীদার বখতও লাঙ্গল প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি খুব শক্ত প্রতিদ্বন্দ্বী না হলেও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা ভোটের মাঠে ১৯৮৮ সালের নির্বাচনে বিজয়ী জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতের উপস্থিতির বিষয়টি দেখছেন দুইভাবে। বিশ্লেষকদের একাংশের মতে, লাঙ্গল প্রতীকের কারণে ক্ষতির সম্মুখীন হবে মহাজোটের প্রার্থী মুস্তফা লুত্ফুল্লাহ। সেক্ষেত্রে সুবিধা পাবেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
অপর অংশের মতে, জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত বিএনপি-জামায়াতের একটি বড় অংশের ভোট লাঙ্গল প্রতীকে আনতে সক্ষম হবেন। এতে ক্ষতিগ্রস্ত হবে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। সেক্ষেত্রে নৌকা প্রতীকের প্রার্থী মুস্তফা লুত্ফুল্লাহ এগিয়ে যাবেন। সবমিলিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ ও বিএনপির দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে লড়াই হবে ভোটের এমন আভাসই পাওয়া যাচ্ছে।
নৌকা প্রতীকের প্রার্থী মুস্তফা লুত্ফুল্লাহ বলেন, নৌকা প্রতীকের বিজয়ে তালা-কলারোয়ার আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ। বিজয় নিশ্চিত।
ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, ভোট নিরপেক্ষ হলে ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না কেউ।
প্রসঙ্গত, সাতক্ষীরা জেলার দুটি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসনের বাকি চার প্রার্থী হলেন- ইসলামী আন্দোলনের এফএম আছাদুল হক (হাত পাখা), বিদ্রোহী প্রার্থী এসএম মুজিব (সিংহ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আজিজুর রহমান (কাস্তে) ও ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রশিদ (আম)।