আমি সেবক হতে চাই নেতা হতে চাই না -----------------------শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রধানমন্ত্রীর ভাতিজা তরুণ সুদর্শন শেখ তন্ময় বলেছেন, আমি সেবক হতে চাই, নেতা হতে চাই না। আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আপনাদের সঙ্গে থেকে একসঙ্গে কাজ করতে চাই। আমরা আপনাদের সহযোগিতা করবো এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন। তার জন্য কোনো অস্ত্র ও বাহিনী প্রয়োজন নেই। বঙ্গবন্ধুর ডাকে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমরা সন্ত্রাস, অগ্নিসংযোগ ও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। আমাদের পাশাপাশি অন্য ধর্মের যারা আছেন তাদেরকে সম্মান করাটা আমাদের শিক্ষা। শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন এলাকার বড়বাড়িতে নারী সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, আসুন আমরা-আপনারা সবাই মিলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বাংলাদেশের পথে এগিয়ে যেতে চাই। সকলকে ঐক্যবদ্ধ ভাবে একচিন্তা এবং একচেতনা নিয়ে এগিয়ে যেতে হবে। নারী সমাবেশে ষাটগম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক আ. মতিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুর মোহাম্মদ, সেলিম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে তিনি ভোটারদের হাতে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং সকলকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এ ছাড়া বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা, গোটাপাড়া, মুক্ষাইটসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ করেছেন। এসময় তিনি ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দেবার আহবান জানান।