লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছে জেলা বিএনপির নেতা-কর্মীরা। শনিবার পৌর শহরের বিভিন্ন এলাকায় এই প্রচারণা চালায় তারা। কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রচারণায় অংশগ্রহণ করেন। সকালে উত্তর তেমুহনী, ঢাকা-রায়পুর সড়ক, বাগবাড়ীসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় সাহাবুদ্দিন সাবু দলীয় নেতা-কর্মীদের নিয়ে লক্ষ্মীপুর-৩ সদর আসনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর পক্ষে প্রচারণায় অংশ নেন। গণসংযোগে দলের কয়েকশ’ নেতা-কর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
গণসংযোগকালে সাহাবুদ্দিন সাবু বলেন, সারাদেশে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে সাধারণ মানুষের গণজোয়ার দেখে সরকার আমাদের নেতা-কর্মীদের উপর হামলা করে আমাদের দমাতে চাচ্ছে। আমরা সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনে নেমেছি। যতই হামলা মামলা করা হউক না কেন আমরা নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াবো না। জনগণ আমাদের সাথে আছে, তারা আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সিনিয়র সহ-সভাপতি খালেদ মো. আলী কিরন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বুলু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, বিএনপি নেতা নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজোয়ার হোসেন আকবরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, প্রজন্ম ৭১, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।