গাজীপুরে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ। এদের মধ্যে তিন জন নারী রয়েছে। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো: পলাতক আসামি নগরীর ছোট দেওড়া কাজীপাড়া এলাকার মৃত এমদাদুল হকের ছেলে মো. রাজিব হোসেন ওরফে কানা রাজু, শ্রীপুরের মাওনা এলাকার মিজানুর রহমান সরকারের স্ত্রী সনিয়া পারভীন, ময়মনসিংহের ধোবাউড়া থানার নয়নকান্দি গ্রামের মহরম আলীর মেয়ে রুবিনা আক্তার স্বপ্না ও নগরীর রথখোলা এলাকার শিপন মিয়ার মেয়ে স্মৃতি আক্তার।
শনিবার দুপুুরে সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ছোট দেওড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযান টের পেয়ে অপর তিন জন পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার সদর থানায় মামলা হয়েছে।