পাবনায় মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় ব্যতিক্রমী আয়োজন

পাবনা প্রতিনিধি

পাবনায় শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেয়ার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে চলছে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ কর্মশালা। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মুখ থেকে মুক্তিযুদ্ধের দুঃসাহসী সব গল্প শিক্ষকদের মাধ্যমে ছড়িয়ে পড়বে জেলার হাজারো শিক্ষার্থীদের মাঝে এমন প্রত্যাশার কথাই জানালেন আয়োজকরা।

রাধানগর মজুমদার একাডেমি স্কুল এন্ড কলেজের মিলনায়তনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার রাধানগর মজুমদার একাডেমি, ইছামতি হাই স্কুল, জান্নাত বিবি জুবিলি হাই স্কুল, মহিম চন্দ্র জুবিলি হাই স্কুলের দেড় শতাধিক শিক্ষক সমবেত হয়েছেন। রীতিমত খাতা কলম নিয়ে পরীক্ষা দিতে বসেছেন। হঠাত্ এমন চিত্র দেখে ছাত্র কিংবা চাকরিপ্রার্থী মনে হলেও প্রকৃতপক্ষে তারা পাবনার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। মুক্তিযুদ্ধের জাতীয় ও স্থানীয় পর্যায়ের ইতিহাস নিয়ে নৈবর্ত্তিক ও রচনামূলক প্রশ্নের এমন পরীক্ষাতেই এখন অবতীর্ণ হতে হচ্ছে তাদের। পরীক্ষাপত্র মূল্যায়ন করছেন রণাঙ্গনের মুক্তিসেনারা। শোনাচ্ছেন যুদ্ধদিনের দুঃসাহসী বীরত্ব গাঁথা।

পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন জানালেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। নতুন প্রজন্মের কাছে তারা খুব সহজেই পৌঁছাতে পারেন। তাই শিক্ষকদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিভিন্ন প্রামাণ্য চিত্র ও মুক্তিযুদ্ধের বিভিন্ন বই পাঠ করানোর এ উদ্যোগ নেয়া হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরে শুরু হওয়া এ কার্যক্রম ধারাবাহিকভাবে জেলার ৯ উপজেলায় সকল মাধ্যমিক বিদ্যালয়ে চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। রাধানগর মজুমদার একাডেমির অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা শিক্ষার্থীদের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সুধীসমাজ ও মুক্তিযোদ্ধারা।