চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে গতকাল শনিবার তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। রাতের প্রথম প্রহর থেকেই প্রয়াত এই আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করতে নগরীর চশমা হিলের কবরস্থানে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। তারা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত করেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে নেতারা মহিউদ্দিন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদক মণ্ডলীর সদস্য ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, নোমান আল মাহমুদ, শফিকুল ইসলাম ফারুক ও মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুস ছালাম ও সাবেক মহানগর পিপি কামাল উদ্দিন আহমেদ। এছাড়া নগর যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

তাঁতী লীগ চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক নূরুল আমিন মানিক ও সদস্য সচিব রত্নাকর দাশ টুনুর নেতৃত্বে মহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। ওয়ার্কাস পার্টির নগর কমিটির সভাপতি আবু হানিফ এবং সাধারণ সম্পাদক শরীফ চৌহান, জাসদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, গণআজাদী লীগের নজরুল ইসলাম আশরাফী এবং ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।