ইত্তেফাক রিপোর্ট
জাতীয় নির্বাচনে অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সারাদেশে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া শুরু হয়েছে। নির্বাচনের আগ পর্যন্ত পালাক্রমে প্রতিদিনই এ মহড়া চলবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ। তিনি বলেছেন, জনগণের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সর্বদা প্রস্তুত রয়েছে। এসব বিষয়ে জনগণকে সচেতন করতে নিয়মিত সচেতনতা মহড়া চলেছে। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো ধরনের অগ্নিসংযোগ বা অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সারাদেশে প্রতিদিন তাদের বিশেষ মহড়া চলবে। দেশের জনগণ ইচ্ছে করলে অগ্নিসন্ত্রাস মোকাবিলা করতে পারে। পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সাথে সমন্বয় করে ফায়ার সার্ভিস এক সাথে কাজ করে যাচ্ছে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় থেকে নির্বাচনী বিশেষ মহড়া শুরুর পূর্বে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্র্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবার্শী সবর্ধন, উপ-সহকারী পরিচালক মোঃ আ. হালিম, মোঃ মানিকুজ্জামান, সিনিয়র স্টেশন অফিসার মোঃ শামস আরমান, মোঃ সফিকুল ইসলাম, ওয়ার হাউজ ইন্সপেক্টর, স্টেশন অফিসার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।