ভরাডুবির আশঙ্কায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ঐক্যফ্রন্ট

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ভরাডুবির আশঙ্কায় আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। নিজেদের মধ্যে কোন্দলে সৃষ্ট সহিংসতাকে সরকারের ওপর চাপিয়ে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে তারা। এ ধরনের হীন রাজনীতি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বড় অন্তরায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও মিথ্যাচার না করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করতে তিনি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের প্রতি আহ্বান জানান।

গতকাল শনিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ড. কামাল হোসেনরা বিভিন্ন সময় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। দেশের সংকটময় মুহূর্তে কখনই তাদের পাওয়া যায়নি। ড. কামাল হোসেনরা পরগাছা, মাকাল ফল ও বর্ণচোরা রাজনীতিক। তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের মদদদাতা এবং তাদের পুরস্কৃত ও পুনর্বাসিত করেছিলেন। নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে রাজনীতিতে পুনর্বাসিত করেছিলেন। এরই ধারাবাহিকতায় ড. কামাল হোসেন জামায়াতকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন। জামায়াতকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন।’ তিনি বলেন, আর এখন তারা (কামাল-রব-মান্না) স্বীকৃত দুর্নীতিবাজ, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, লন্ডনে পলাতক বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে চলছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আখতারুজ্জামান, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর সবুর, সদস্য আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।