আওয়ামী লীগ হারলেও তাদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করব

জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ হেরে গিয়ে বিরোধী দলে গেলেও আমরা তাদের কোন ক্ষতি করব না। তাদের সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করব। বাংলাদেশের জনগণের প্রতিটি ভোট খালেদা জিয়ার মুক্তিকে তরান্বিত করবে। নেতারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সব কিছুর শেষ আছে, মরাকে মেরে লাভ নেই। আমরা যারা এখানে বসে আছি সবাই মুক্তিযুদ্ধ করেছি। আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা কয়েকবার মারা গিয়েছি। গতকাল শনিবার দুপুরে টঙ্গীতে ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন সরকারের নির্বাচনী জনসভায় নেতারা এ সব কথা বলেন।

মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তৃতা করেন— নজরুল ইসলাম খান, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন,  সোহরাব উদ্দিন প্রমুখ। ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রব বলেন, আমাদের এ লড়াই ভোটের লড়াই, এ লড়াই গণতন্ত্রের লড়াই, এ লড়াই বাঁচা মরার লড়াই, এ লড়াইয়ে জিততে হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, এবার আমরা যুদ্ধে নেমেছি। এ যুদ্ধে তাদের কাছে অস্ত্র আছে আমাদের কাছে নেই। আমাদের কাছে ব্যালট আছে, মানুষ আমাদের পক্ষে আছে। ওদের পক্ষে নেই। নজরুল ইসলাম খান বলেন, ৩০ ডিসেম্বর বাংলাদেশের অস্তিত্ব রক্ষার নির্বাচন, দুঃশাসনের অবসান, ব্যাংক লুট, দুর্নীতি ও অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে এবং খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। ডা. জাফরুল্লাহ বলেন, ২ জানুয়ারি ন্যায়বিচারের মধ্যেমে খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাবেন।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, এদিকে সন্ধ্যায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় গাজীপুর—৩ আসনের ধানের শীষের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের নেতা ইকবাল সিদ্দিকীর নির্বাচনী পথসভায় আ স ম আব্দুর রব বক্তৃতা করেন।