ওবামাকেয়ারকে

অসাংবিধানিক ঘোষণা মার্কিন আদালতের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে চালু করা স্বাস্থ্যসেবা ‘ওবামাকেয়ার’ অসাংবিধানিক বলে রায় দিয়েছে দেশটির একটি আদালত। টেক্সাসের কেন্দ্রীয় আদালত ২০১০ সালে প্রণীত অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট (এসিএ) এর ওবামাকেয়ার অংশের বিরুদ্ধে এই রায় দেয়। চলতি বছর মেয়াদের একদিন বাকি থাকতে শনিবার আদালত এই রায় দিল।

২০১০ সালে মার্কিনীদের রাষ্ট্রীয় ব্যবস্থায় চিকিত্সাসেবা দেওয়ার লক্ষ্যে এসিএ পাস করেন তত্কালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আওতায় স্বাস্থ্যবীমা না থাকা মার্কিনীদের কর জরিমানা মওকুফ করা হয়। এদিকে, এই আইনের বলে স্বাস্থ্যবীমা না থাকা মার্কিনীদের কর মওকুফ পুষিয়ে নিতে গত বছর মার্কিন কংগ্রেসে দেড় ট্রিলিয়ন মার্কিন ডলারের বিল পাস করা হয়। রায় দিয়ে টেক্সাসের জেলা জজ রিড ও’কনর বলেছেন, আইনের ‘ব্যক্তিগত’ দায়মুক্তির বিষয়টি অসাংবিধানিক। আর ব্যক্তিগত দায়মুক্তিই যেহেতু ওবামাকেয়ারের মূল ভিত্তি, সেহেতু ওবামা কেয়ার পুরোটাই অসাংবিধানিক। রায়ের পর্যালোচনায় বিচারক লেখেন, আগের প্রশাসন এসিএ প্রণয়ন করেছিল। আর পরের প্রশাসন এটির দাঁড়িয়ে থাকা শেষ পা কেটে ফেলে।

এই রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই ওবামাকেয়ারের বিরোধিতা করে আসছিলেন তিনি। টুইট বার্তায় ট্রাম্প এই রায়কে ‘আমেরিকার জন্য দারুণ সংবাদ’ বলে আখ্যায়িত করেছেন। তবে আদালত অসাংবিধানিক বললেও এখনই কার্যকারিতা হারাচ্ছে না ওবামাকেয়ার। বিষয়টির সর্বশেষ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতেই হবে।