আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ক্ষমতার জন্য ড. কামাল হোসেন আদর্শ বিসর্জন দিয়েছেন। গতকাল শনিবার বিকালে ধানমন্ডির নিজ বাসভবনে ঢাকাস্থ কাজিপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহ পেয়েছেন তারা কীভাবে নিজের আদর্শ বিসর্জন দিয়ে জামায়াতের সঙ্গে হাত মেলাতে পারেন। দেশের মানুষ এদের কখনও ক্ষমা করবে না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধীরা যেমন আমাদের স্বাধীনতাকে কখনই মেনে নিতে পারেনি, ঠিক তেমনি তাদের বংশধরেরাও আমাদের স্বাধীনতার অস্তিত্ব মানে না। অথচ ড. কামাল হোসেনদের মতো কিছু তথাকথিত স্বাধীনতার পক্ষের লোকেরা আজ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কেবল ঐক্যই করেনি, তাদেরকে ক্ষমতায় নেবার জন্য ধানের শীষ মার্কায় নমিনেশনও দিয়েছে। মন্ত্রী বলেন, দেশবাসীকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। তাদেরকে কেবল নির্বাচনেই নয়, দেশের সবকিছু থেকেই বয়কট করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসী আবারো শেখ হাসিনাকে বিজয়ী করবে। দেশের মানুষ কোনো চক্রান্তকারীদের ভোট দিবে না। মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সবার সতর্ক থাকতে হবে, কারণ নির্বাচন ভণ্ডুল করার গভীর চক্রান্ত এখনো অব্যাহত আছে। বিএনপিকে বলবো কোনো অজুহাতে নির্বাচন থেকে সরে যাবেন না। দেশের মানুষ আবারো নৌকার বিজয় নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।