বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় হামলা, সংঘর্ষ, আহত অর্ধশত

কক্সবাজারে ঐক্যফ্রন্ট প্রার্থী অ্যাডভোকেট হাসিনা আহমদের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। সাতকানিয়ায় কর্নেল অলী আহমদের প্রচার অভিযানে হামলার অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনী প্রচারণার সময় বিএনপি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন গুলিতে আহত হয়েছেন। ভোলার লালমোহনে বিএনপি প্রার্থী মেজর হাফিজ উদ্দিন ফেরার পর আওয়ামী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ দলীয় প্রার্থী এএম নাঈমুর রহমান দুর্জয়ের নির্বাচনী অফিসে শনিবার রাতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। শেরপুরের ঝিনাইগাতী উপজেলা যুবলীগ কার্যালয়সহ নৌকা প্রতীকের ৪টি প্রচার ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজার-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাসিনা আহমদের গণসংযোগে আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। হামলায় আহত হয়েছে বিএনপির অন্তত ২০ নেতা-কর্মী। ভাঙচুর করা হয়েছে হাসিনা আহমদকে বহনকারী গাড়িসহ ৭টি গাড়ি। শনিবার সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে কাটাখালীসহ একাধিক স্থানে হামলার ঘটনা ঘটে। হাসিনা আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগ  সশস্ত্র সন্ত্রাসীরা দফায় দফায় হামলা চালালেও পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, শনিবার দুপুরে চট্টগ্রাম-১৪ আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান কর্নেল (অবঃ) অলি আহমদের পক্ষে প্রচারণাকালে আওয়ামী লীগ হামলা করেছে বলে অভিযোগ করেছেন তার ছেলে ওমর ফারুক ওরফে সানি। অভিযোগ করা হয়, কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী বৈদ্য বাড়ি এলাকায় গণসংযোগের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা লাঠিসোটা, দা’-কিরিচ নিয়ে এলোপাতাড়ি হামলা করে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, এটা তাদের জোটগত কোন্দল। ধানের শীষ প্রতীক নিয়ে এলডিপি নির্বাচন না করায় বিএনপি ও জামায়াত ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালিয়েছে।

নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালী-১ আসনের বিএনপি প্রার্থী দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন শর্টগানের গুলিতে আহত হয়েছেন। শনিবার বিকালে সোনাইমুড়ী উপজেলা সদরে এঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাহবুব উদ্দিন খোকনও তার ব্যক্তিগত সহকারী ইকবাল হোসেনসহ অপর ২ জনকে সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহবুব উদ্দিন খোকনের  পিঠে ও মুখের নিচে ৬টি স্প্লিন্টার লাগে। হাসপাতালের আরএমও মহিউদ্দিন আজিম জানান, তার শরীরে ৬টি স্প্লিন্টারের ক্ষত রয়েছে তবে তিনি শঙ্কামুক্ত।

পুলিশ সুপার  মো. ইলিয়াছ শরীফ জানান, দুই দলের মধ্যে সংঘর্ষ থামাতে ও আইন-শৃংখলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ শর্টগানের গুলি ছুঁড়ে।  তবে  ওসির বাড়াবড়িতে এঘটনা হয়েছে কিনা তা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

লালমোহন (ভোলা) সংবাদদাতা জানান, শনিবার দুপুরে লালমোহনে বিএনপির প্রার্থী মেজর হাফিজ উদ্দিনের সমর্থকদের হামলায় আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী আহত হয়েছে। হামলাকারীরা দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ। খবর পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন হাসপাতালে ছুটে যান। তিনি বলেন, মেজর হাফিজ সন্ত্রাসী কর্মকাণ্ড করে এলাকায় নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন।

দীর্ঘদিন পর টানটান উত্তেজনার মধ্যে নির্বাচনী এলাকায় ফেরেন মেজর হাফিজ। শনিবার সকালে তিনি লালমোহন শহরের নিজ বাস ভবনে পৌঁছানোর পর তার বাস ভবনের সামনে বিএনপি সমর্থকদের হামলার ঘটনা ঘটে। অপরদিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর, রমাগঞ্জ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মীকে মারধরের অভিযোগ করা হয়েছে।

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এএম নাঈমুর রহমান দুর্জয় এমপি’র নির্বাচনী অফিসে শনিবার রাতে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ আওয়ামী লীগ কর্মী আব্দুর রশিদের ছেলে আকাশ (২২) ও দশচিড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রাকিবকে (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা জানান, শেরপুরের ঝিনাইগাতী উপজেলা যুবলীগ কার্যালয়সহ নৌকা প্রতীকের ৪টি প্রচার ক্যাম্পে শুক্রবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুবলীগের নেতা-কর্মীরা জানায়, উপজেলা যুবলীগ কার্যালয় ও রাংটিয়া, তিনানী, বনগাঁও এবং ধানশাইল বাজারের ৪টি নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার ক্যাম্প লক্ষ্য করে একযোগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা সদর বাজারে বিক্ষোভ মিছিল বের করে।

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, শরণখোলায় শুক্রবার রাতে উপজেলার চালরায়েন্দা-তাফালবাড়ি বাসস্ট্যান্ডে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য শাহজাহান বাদল জমাদ্দারকে (৫৫) পিটিয়ে পা ভেঙে দিয়েছে নিজ দলের প্রতিপক্ষরা। শনিবার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, একটি গ্রুপ দলের মধ্যে লুকিয়ে থেকে জামায়াত-বিএনপির সঙ্গে আঁতাত করে নৌকার বিজয় ঠেকানোর জন্য এ হামলা চালিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি প্রার্থী মুসলিম উদ্দিন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জি: খালেদ হোসেন মাহাবুব শ্যামলের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। ভাঙচুর করা হয় কয়েকটি মোটর সাইকেল ও মাইক্রোবাস এবং সিএনজি চালিত অটোরিকশা। ঘটনার জন্য বিএনপি ছাত্রলীগকে দায়ী করেছে। তবে ছাত্রলীগের দাবি, বিএনপির দলীয় কোন্দলের জন্যই এ ঘটনা ঘটেছে।

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, শনিবার গলাচিপায় বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনির স্ত্রী রুনু বেগমকে বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ ক্যাডাররা হামলা চালিয়েছে। অপরদিকে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো জানান, এ হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ছলির বাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আওয়ামী লীগের ২ নেতা আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কেন্দ্র। আহতদের ফুলবাড়ীয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, চান্দিনায় জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেদোয়ান আহমেদ এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আলী আশরাফ এমপি’র সমর্থিত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বরকরই ইউনিয়নের ফতেহপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৯ নেতা-কর্মী আহত হয়।

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, পাইকগাছায় পোস্টার টানানো নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার জন আহত হয়েছে। বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রতিপক্ষের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।