শিবালয়ে মহান বিজয় দিবসে দিনব্যাপী অনুষ্ঠান

g শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

৪৭তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ রবিবার শিবালয় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। শিবালয় ইউএনও মেহেদী হাসান জানান, উপজেলা চত্বর টেপড়ায় সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, উথলী খেলার মাঠে মুক্তিযোদ্ধা সংবর্ধনাসভা ও বিকালে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এছাড়া, সন্ধ্যায় উথলী মাঠে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

পোলট্রি ও ফিস ফিড কারখানায় অভিযান, জরিমানা

শিবালয় উপজেলার উথলী-পাটুরিয়া সংযোগ রাস্তার নিকট স্থাপিত মাছ-মুরগির খাদ্য উত্পাদনকারী বৃহত্ প্রতিষ্ঠান স্পেক্ট্রা হেক্সা গ্রুপের ‘মেগা ফিড’ কারখানায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল শনিবার অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় ও জব্দকৃত বিপুল পরিমাণ আটা ধ্বংস করে। অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক উপ-সচিব মনজুর মোহাম্মদ শাহিরয়ার অভিযান পরিচালনা করেন। এ সময় মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল উপস্থিত ছিলেন ।

জানা গেছে, কারখানায় অভিযানকালে মাছ-মুরগির খাদ্য প্রস্তুতের জন্য ব্যবহূত মেয়াদ উত্তীর্ণ আটা ও প্রসু্ততকৃত খাদ্যের প্রতি বস্তায় ওজনে কারচুপির অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় অবহেলা, দায়িত্বহীনতা ও অসতর্কতার দ্বারা সেবা গ্রহীতার অর্থ স্বাস্থ্য ও জীবনহানি ঘটানোর অপরাধে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ৭৫ বস্তা আটা ধ্বংস করা হয়।