পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় বিউটি বেগম (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার বাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের সিধন গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত বিউটির শ্বশুর আব্দুল মজিদকে আটক করা হয়েছে।  

নিহত বিউটি বেগম ওই গ্রামের মামুন মিয়ার স্ত্রী। তিনি পার্শ্ববর্তী নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস সামাদের মেয়ে।

নিহতর বাবা আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, ‘তিন বছর আগে বিউটির সাথে মামুনের বিয়ে হয়। তাদের একটি নয় মাসের ছেলে সন্তান আছে। শিশুটি যখন বিউটির গর্ভে ছিল, তখন মামুন অন্য এক নারীর পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে বিউটি বেগম স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেয়। এতে মামুন ক্ষুদ্ধ হয়ে তার বিউটি বেগমকে মারপিট ও মানসিক নির্যাতন করতে শুরু করে। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে বিউটি বেগম সম্প্রতি তার বাবার বাড়িতে চলে যায়।’ 

আরও পড়ুন: গুজব ছড়িয়ে লবণের মূল্য দ্বিগুণ করার অভিযোগ

তিনি আরও বলেন, ‘মামুন গত সোমবার (১৮ নভেম্বর) বিকালে তার স্ত্রী বিউটিকে নিতে আমাদের বাড়ি আসেন। এ সময় আমরা বিউটিকে বুঝিয়ে মামুনের সাথে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিই। কিন্তু মঙ্গলবার সকালে আমারা জানতে পারি গত রাতে আমার মেয়েকে তার স্বামী ও তার বাড়ির লোকজন এলোপাতাড়িভাবে পিটিয়ে হত্যা করেছে।’

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান বলেন, ‘ওই গৃহবধূর লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত বিউটির শ্বশুর আব্দুল মজিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে করা হয়েছে।’

ইত্তেফাক/এএএম