হাতীবান্ধা সীমান্তে আবারও বাঘের আতঙ্ক

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬

লালমনিরহাটের হাতীবান্ধায় আবারও চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঘ বের হওয়ার খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে একটি বাঁশঝাড় ঘিরে তল্লাশি চালিয়েছেন স্থানীয়রা। তবে সেখানে বাঘের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত ফিরে যান তারা।

রোববার (২২ নভেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯০৫-এর কাছাকাছি এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানান, গত কয়েকদিন ধরে বাঁশঝাড় থেকে একটি বাঘ বের হওয়ার খবর দিচ্ছেন কয়েকজন। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরেক বাসিন্দা জসিম উদ্দিন জানান, সীমান্তঘেঁষা একটি বাঁশবাগানে বাঘটি আশ্রয় নিয়েছে বলে তারা শুনেছেন। রোববার আবারও বাঘ বের হওয়ার খবর পেয়ে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন। পরে বাঘটি পালিয়ে যায়। এরপর থেকে আর সেটিকে দেখা যায়নি।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোব্বেরুল হক মনা বলেন, ‘বাঘ বের হয়েছে, বাঘ বের হয়েছে’—এমন চিৎকার শুনে লোকজন লাঠিসোঁটা নিয়ে আমঝোল সীমান্তের একটি বাঁশঝাড় ঘিরে তল্লাশি চালান। পরে বাঘের সন্ধান না পেয়ে সবাই বাড়ি ফিরে যান।

গত এক মাস ধরে ওই এলাকার মানুষ বাঘ আতঙ্কে দিন কাটাচ্ছেন। বাঘটির সন্ধান না পাওয়ায় আতঙ্ক কাটছে না তাদের। এমনকি সামনে দিয়ে শিয়াল গেলেও অনেকে বাঘ ভেবে আতঙ্কিত হয়ে পড়ছেন।

স্থানীয়রা জানান, গত ২৫ অক্টোবর রোববার বিকেলে সীমান্তের পাশে বেঁধে রাখা ছাগল আনতে যান শরীফা বেগম। এ সময় তিনি একটি চিতাবাঘকে ছাগলটির ওপর আক্রমণ করতে দেখেন। ছাগলটি রক্ষা করতে গেলে বাঘটি তার ওপরও হামলা চালায়। এ দৃশ্য দেখে নজরুল ইসলাম ও আফছার আলী এগিয়ে গেলে তাদের ওপরও আক্রমণ করে চিতাবাঘটি। পরে বাঘটি পাশের একটি ধানক্ষেতে লুকিয়ে পড়ে। ওই ঘটনায় তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

খবর পেয়ে ২৬ অক্টোবর চিতাবাঘটির সন্ধানে বন বিভাগের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসে। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুসন্ধান চালিয়েও বাঘটির সন্ধান না পেয়ে দলটি অভিযান শেষ করে ঢাকায় ফিরে যায়।

ইত্তেফাক/এএইচপি