নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইকনপ্রডিজি ৪.০ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের সর্ববৃহত্ নীতিনির্ধারণী প্রতিযোগিতা-ইকনপ্রডিজি ৪.০ এর চূড়ান্ত পর্বে এ বছর বিজয়ী হয়েছে ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর টিম ‘আপরেক’। একই প্রতিষ্ঠানের টিম ‘কনসেনসাস’ দ্বিতীয় এবং নর্থ সাউথ ইউনিভারসিটির টিম ‘পলিসি পুলিস’ তৃতীয় স্থান অর্জন করেছে। সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইয়াং ইকোনমিস্টস ফোরাম (ইয়েফ) নামক একাডেমিক ছাত্র সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে।

কর্পোরেট সোশ্যাল রেস্পনসিবিলিটি (সিএসআর) বিষয়ে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে প্রেজেন্টনমিক্স এবং ক্রসটক-এই দুই কঠিন ধাপের সম্মুখীন হতে হয় যেখানে তাদের সঙ্গত নীতি উপস্থাপন এবং সিএসআর বিষয়ে তাদের ধারণার পক্ষে বিতর্কে অংশগ্রহণ করতে হয়। কঠোর নির্বাচনী প্রক্রিয়ার পর চূড়ান্ত পর্যায়ের জন্য সেরা পাঁচটি দলকে মনোনীত করা হয়।

ইয়েফ এর ফ্যাকাল্টি অ্যাডভাইজার আজরীন বেনাজির আবদুল্লাহর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর চূড়ান্ত পাঁচ দলকে তাদের নির্ধারিত নীতি বিচারকদের সামনে উপস্থাপন করতে বলা হয়। উপস্থাপন পর্বের পর এনএসইউ এর ডিরেক্টর অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স পারিসা সাকুর উদ্বোধনী বক্তব্যের পরেই বক্তব্য রাখেন আইপিডিসি ফিন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম।

অনুষ্ঠানে ইয়াং ইকোনমিস্টস ফোরাম (ইয়েফ) এর বার্ষিক প্রকাশনা ইকুলিব্রিয়াম-২০১৮ এর মোড়ক উন্মোচনের মাধ্যমে ইকনপ্রডিজি ৪.০ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর জিইউ আহসান, এনএসইউ এর বোর্ড অফ ট্রাস্টিস চেয়ারম্যান এম এ হাশেম।