কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে সরকার সরাসরি বাধা দিচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সেন্টিমেন্ট অবজ্ঞা করে সরকার দেশের একজন জনপ্রিয় নেত্রীর জীবনকে নিঃশেষ করার সকল আয়োজনে ব্যস্ত রয়েছে। তার চিকিত্সার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার নয়াপল্টনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, দেশে গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমান্বয়ে অবনতি ঘটছে। বেগম জিয়ার হাত-পা এখন বেঁকে গেছে। প্রিজন সেলে বন্দি থাকায় হাত-পায়ের ব্যথা সারাশরীরে ছড়িয়ে পড়েছে, জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথার কারণে নিজে উঠে দাঁড়াতে পারছেন না, সোজা হয়ে বসতেও পারছেন না। এমনকি নিজের হাতে তুলে খেতেও পারছেন না।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, এই সরকার আপনাদের ভোটে নির্বাচিত নয়। তারা আপনাদের সরকার নয়। আপনাদের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা অন্যখানে। আজ দেশের তরুণ সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষকে রাজপথে নেমে আসতে হবে। দুনিয়ার দেশে দেশে তরুণরা সব স্বৈরাচারী সরকারগুলোকে পালটে দিচ্ছে।