হাসপাতালের ৩ তলা থেকে ঝাঁপ দিয়ে রোগীর আত্মহত্যা

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের তিন তলা থেকে ঝাঁপ দিয়ে এক নারী রোগী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডের তিন তলা থেকে লাফিয়ে পড়েন তিনি। নিহত জেসমিন আরা (২৭) রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী।  

নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, জন্ডিসে আক্রান্ত হওয়ায় জেসমিন আরাকে গত ১৩ নভেম্বর বাগমারা থেকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। ওই দিন থেকে তিনি হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এরপর মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সবার অগোচরে তিনি ওয়ার্ডের বাইরে গিয়ে তিনতলা থেকে নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: রাজাপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, পরে খবর পেয়ে হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। জেসমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানান। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

ইত্তেফাক/এএএম