স্কুলে গিয়ে আর বাড়ি ফেরা হলো না শাকিব মিয়া (৬) ও নাঈম মিয়া (৭) নামের প্রথম শ্রেণির দুই শিশু শিক্ষার্থীর। বহু খোঁজাখুঁজির পর অবশেষে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে স্বজনরা। ঘটনাটি ঘটেছে আজ বুধবার উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা গ্রামে।
নিহত শাকিব ওই গ্রামের আবু ছিদ্দিকের ছেলে ও নাঈম একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই দুই শিশু প্রতিদিনের মতো বাড়ি থেকে স্থানীয় লামছড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বিকেল পুটিকা গ্রামের হেকিম মিয়ার পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।
বিশকাকুনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নজমুল হুদা ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ধারণা করা হচ্ছে ওই দুই শিশু স্কুল ছুটির পর পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি