নরসিংদীতে বিএনপি প্রার্থী ড. আবদুল মঈন খানের নির্বাচনী প্রচারে হামলার ঘটনা ঘটেছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে পাঁচদোনা বাজারে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই হামলা চালায় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। হামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
নরসিংদী-২ আসনে মঈন ধানের শীষ প্রতীক একাদশ সংসদ নির্বাচনে লড়ছেন। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী হলেন আনোয়ারুল আশরাফ খান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে পাঁচদোনা বাজারে গণসংযোগ করছিলেন মঈন খান। এসময় লাঠিসোঁটা নিয়ে হামলা করে কিছু যুবক।
আরো পড়ুন: শ্যালিকার নগ্ন ছবি অনলাইনে, দুলাভাইকে খুঁজছে পুলিশ
মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দিন ভূঁইয়া অভিযোগ বলেন, স্যার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছিলেন। লিফলেট বিতরণ করছিলেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা আমাদের ওপর আক্রমণ করে। তারা গুলি ছুড়ে।
পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, হামলায় ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবু তাহের খন্দকার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ সরেজমিন তদন্ত করে আসলে বিস্তারিত বলা যাবে।
ইত্তেফাক/জেডএইচ