গোদাগাড়ীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে কলেজছাত্র খুন

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের কদমশহর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রের নাম শান্ত (১৮)। সে কদমশহর গ্রামের আবু সাঈদের ছেলে। এ ঘটনায় তার জমজ ভাই স্বপনও (১৮) আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত শান্ত পবা উপজেলার দামকুড়া কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন। তার ভাইও একই কলেজে একই শ্রেণিতে পড়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আসাদুল হক বলেন, বিকালে ক্রিকেট খেলা নিয়ে মাঠে শান্ত ও স্বপনের সঙ্গে একই এলাকার আজিবুর রহমানের ছেলে সাজেদুল ইসলাম সাজুর (২৪) কথা কাটাকাটি হয়। খেলা শেষে সন্ধ্যায় সবাই মোড়ে আসে। সেখানে খেলার ওই দ্বন্দ্বের জের ধরে তাদের আবার কথা কাটাকাটি শুরু হয়। এ সময় সাজুর বড় ভাই মাজিদুল ইসলাম মাজু (২৬) এলে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুই ভাই আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। পথে শান্তর মৃত্যু হয়। 

আরও পড়ুন: খুলনায় চতুর্থ দিনের মতো আজও বাস চলাচল বন্ধ

রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, শান্তর ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ কারণে হাসপাতালের পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। তার ভাই হাসপাতালে চিকিৎসাধীন। 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, নিহত শান্তর মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কীভাবে ঘটনা ঘটেছে সেটা ঘটনাস্থলে গিয়ে তিনি তদন্ত করছেন।এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এএএম