নাসিরনগরে নদীতে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর কৃষক আবদুস সালামের (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার লঙ্গণ নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মোতালিব মিয়ার ছেলে আবদুস সালাম মেদির হাওরের জমিতে কাজ করতে যায়। লঙ্গণ নদী সাতরে পাড় হওয়ার সময় সালাম নদীতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকালে স্থানীয়রা নদীতে তার লাশ ভাসতে দেখে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়। সংবাদ পেয়ে নাসিরনগর থানার পুলিশ বাড়ি থেকে সালামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবেই সালামের মৃত্যু হয়েছে। তবে লাশের ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।    

ইত্তেফাক/জেডএইচ