নওগাঁয় ইজিবাইক চালক ভজেন্দ্রনাথ দেবনাথ হত্যার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে ছিনতাই করা ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নওগাঁ সদর থানা চত্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।
গ্ৰেফতারকৃতরা হলেন, ইজিবাইক ছিনতাই ও হত্যার মূল পরিকল্পনাকারী আরজি নওগাঁর শুকুর আলীর ছেলে জুয়েল ওরফে জাহের আলী (৪৫) ও তার সঙ্গী বেদারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০), চকপ্রসাদ উত্তরপাড়ার আব্দুস সাত্তারের ছেলে রতন আলী (১৯), আরজি নওগাঁর হাসান আলীর ছেলে সুরুজ মিয়া (১৮) এবং শাহদাত হোসেনের ছেলে রশিদ (১৮)। এরা সবাই সদর থানার বাসিন্দা।
এ সময় পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। বিভিন্ন সময় রাস্তায় গাড়ি ছিনতাইয়ের কাজ করত তারা। চলতি মাসের ১৭ নভেম্বর সদরের হাসাইগাড়ী বিল এলাকায় ভজেন্দ্রনাথ নামে একজন ইজিবাইক চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করে তারা। এরপর মৃত ভজেন্দ্রনাথ দেবনাথের বাবা থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে আমরা ওই হত্যার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করতে সক্ষম হই।' এসময় ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
আরও পড়ুন: সারাদেশে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি জোরদার করেছে টিসিবি
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রবিবার নওগায় হাসাইগাড়ি গুটার বিল হতে ভজেন্দ্রনাথ দেবনাথ (২৬) নামে এক অটো চালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত ভজেন্দ্রনাথ দেবনাথের বাবা থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্ৰেফতার করে পুলিশ।
ইত্তেফাক/এসএইচএম