মদপানে ২ যুবকের মৃত্যু, অসুস্থ হয়ে হাসপাতালে ৮

সিরাজগঞ্জের কাজিপুরে মদপান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও ৮ যুবক একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃতরা হলেন, কাজিপুর পৌর এলাকার বিয়াড়া গ্রামের তোজাম্মেল হকের পুত্র গোলাম রব্বানী ওরফে সাদ্দাম (২৫) ও একই গ্রামের কোরবান আলীর পুত্র রাসেল (২৪)। 

কাজিপুর হাসপাতাল সূত্রের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই যুবক মদপান করে অসুস্থ হয়ে পড়েন।পরে স্বজনরা তাদের রাত ১১টা ৩৫ মিনিটে কাজিপুর হাসপাতালে ভর্তি করেন। পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বন্ধে বিধিমালা হচ্ছে: তথ্যমন্ত্রী

কাজিপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান বলেন, বিয়াড়া গ্রামের সিদ্দিকের ছেলে সেনাসদস্য মানিকের বৌভাতে ওই ১০/১২ জন যুবক দুপুরের খাবার খান। রাতে তারা বাড়ি ফিরে বমি করতে থাকেন। পরে তাদের কাজিপুর হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর সাদ্দাম ও রাসেলের মৃত্যু হয়। বাকি আটজন রাশেদ (১৫), আবু বক্কর (২৫), নাইম ইসলাম (১৬), শাকিল (২২), জাহাঙ্গীর (২৫), স্বপন (২৫), রোমান (২২) সাদ্দম (২৭) সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কাজিপুর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, খাদ্যে বিষক্রিয়া নাকি মদপানে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে হাসপাতালের মৃত্যু সনদে মদপানে (এ্যালকোহল স্পীড) লেখা রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

ইত্তেফাক/এএএম