ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, 'একজন নেতার সার্থকতা তখনই আসে যখন সে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণ তথা সমাজের কল্যাণে ঐ এলাকার সত্যিকারের উন্নয়ন করে। জনগণকে মূল্যায়ন করে তাদের ভালবেসে সুখে দু:খে পাশে থাকে।' শনিবার বিকেলে চরভদ্রাসনের গাজিরটেক ইউনিয়নের শীল ডাঙ্গী একটি ও দারিক সরকারের ডাঙ্গী ভূবেনশ্বর নদীর উপর একটি ব্রিজের উদ্বোধন ও একই দিন সন্ধা ৭টার দিকে চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্রের কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'আমি যখন স্কুল, মসজিদ, মন্দির, রাস্তা, ব্রিজ, কালভার্ট ও বিদ্যুৎ খাতে উন্নয়ন শেষে উদ্বোধন করি তখন আমার বুকটা ভরে যায় এই ভেবে যে, আমি আমার ঈমাni দায়িত্ব পালন করতে পেরেছি। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের কাছে দেওয়া আমার ওয়াদা পূরণ করতে পেরেছি। আজ চরভদ্রাসনে তিন শত কোটি টাকা ব্যয়ে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের কাজ চলছে। ইনশাআল্লাহ এখানে আর কোন মানুষের ঘড় ভাঙবে না।'
তিনি আরও বলেন, 'চক্রান্তকারীদের ভুল রিপোর্টের কারণে ঘাটে ফেরি থাকার পর চালানো সম্ভব হচ্ছেনা। জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে নৌ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে সকল ষড়যন্ত্র ভেদ করে খুব শীঘ্রই চরভদ্রাসন গোপালপুর থেকে চর মইনুট ঘাটে বিআইডাব্লুটিএ থেকে ফেরি এনে এই রুটে চালু করা হবে।'
প্রধান অতিথি বক্তব্যের শুরুতে চরভদ্রাসন উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেন ভিপি মুসার মৃত্যুতে শোক জানিয়ে দড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে। পরে রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক মাষ্টারের বাড়িতে তার শারীরিক খোজ খবর নেন নিক্সন চৌধুরী। একই দিন ব্রিজ ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাইদ। চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস.এম ফরহাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মো. গোলাম রাব্বানী পান্নু কাজি, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, সদরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্লা, হাজীগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মো. কবিরুল আলম ব্যাপারী, প্রধান শিক্ষক বিষ্ণ কুমার, মো. ওবায়দুর রহমান আঙ্গুর ও মো. আলমগীর হোসেন প্রমুখ। এ সময় চর অযোধ্যা উচ্চ বিদ্যালয় মায়ে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি