যশোর-১ আসনে আওয়ামী লীগের প্রচারণা তুঙ্গে মাঠে নেই বিএনপি

বেনাপোল (যশোর) সংবাদদাতা

৮৫ যশোর-১ (শার্শা) আসনে জমে উঠেছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা। এ আসনে আওয়ামী লীগ দলীয় সকল কোন্দল মিটিয়ে বিজয়ের স্বার্থে নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে ঐক্যজোটের মনোনয়ন প্রাপ্ত বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সংস্কারপন্থি নেতা মফিকুল হাসান তৃপ্তি দলীয় কোন্দলের কারণে নির্বাচনী প্রচারণায় এখনো নামতে পারেননি। প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারে বিএনপি পিছিয়ে থাকলেও প্রচারে তুঙ্গে রয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান সাংসদ শেখ আফিলউদ্দিন। শার্শা উপজেলার সর্বত্রই চলছে নির্বাচনী আমেজ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শার্শা ও বেনাপোলের বাজার রাস্তা-ঘাট অলি-গলি।

নির্বাচনে বিজয়ের জন্য এ আসনের নৌকার মাঝি শেখ আফিলউদ্দিন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। প্রতিটি ওয়ার্ডে করছেন মিছিল-মিটিং ও উঠান বৈঠক। গভীর রাত পর্যন্ত দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। এদিকে বিএনপি প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির সাথে দীর্ঘদিন শার্শা উপজেলা বিএনপির নেতাকর্মীদের যোগাযোগ না থাকায় নির্বাচনী মাঠে দলীয় কাউকে দেখা যাচ্ছে না। দলীয় কোন্দলের কারণে প্রচারণায় নামতে পারছে না ঐক্যজোটের প্রার্থী। নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকের পোস্টার নেই বললেই চলে।