বাংলাদেশি দুই শ্রমিককে আটক করে নিয়ে গেছে বিএসএফ

রাজশাহীর বাঘা সীমান্তের হরিরামপুর এলাকা থেকে দুই বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার দয়ারামপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

তারা হলেন- বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের তছির উদ্দিনের ছেলে এরাজুল ইসলাম (৫০) ও মৃত মিনু মণ্ডলের ছেলে সুমন আলী (৩৫)।

আলাইপুর বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে বাঘা উপজেলার সীমান্তের হরিরামপুর পদ্মা নদীর ২ নম্বর কলোনির চরে খ্যার কাটতে যান কয়েকজন শ্রমিক। এ সময় বিএসএফ সদস্যরা দুজনকে আটক করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন সাজাহান নামে অপর এক শ্রমিক।

তিনি বলেন, আমরা খ্যার কাটতে শুর করলে বিএসএফ পেছন থেকে এসে দুইজনকে আটক করলে আমিসহ আরো ৫/৬ জন কৌশলে পালিয়ে আসি। এরপর বিষয়টা আমাদের বিজিবি ক্যাপ কমান্ডারকে জানাই।

এ বিষয়ে আলাইপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ আবু তালেব বলেন, বাংলাদেশি দুই শ্রমিককে ফিরিয়ে আনার জন্য লিখিত আবেদন করলেও বিএসএফ রবিবার দুপুর পর্যন্ত গ্রহণ করেনি। আমরা ভারতের সংশ্লিষ্ট ক্যাম্পের বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ইত্তেফাক/জেডএইচ